ঢাকা | বঙ্গাব্দ

নামিবিয়ায় ৯০ মহিষের মৃত্যু

দেশটিতে এর আগে ২০১৮ সালে সিংহের তাড়া খেয়ে পালানোর সময় ৪ শতাধিক মহিষের মৃত্যু হয়।
  • অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নামিবিয়ায় ৯০ মহিষের মৃত্যু মহিষের লাশ।

নামিবিয়ার পূর্বাঞ্চলে সিংহের তাড়া খেয়ে পালানোর সময় নিজেদেরই পদদলিত হয়ে অন্তত ৯০টি মহিষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির বন্যপ্রাণী কর্মকর্তারা এ তথ্য জানান। নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আজ (বুধবার) ভোর ৫টার দিকে চোবে নদীর তীরবর্তী জলপ্রপাত, বন ও জলাভূমির সংমিশ্রণে গড়ে ওঠা বন্যপ্রাণী অধ্যুষিত জাম্বেজি সংরক্ষণ এলাকায় পদদলনের ঘটনাটি ঘটে।


পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র এনডেশিপান্ডা হামুনেলা জানান, বতসোয়ানা থেকে আসা মহিষগুলোকে তাড়া করেছিল সিংহের দল। এটা একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। নিরীহ প্রাণীগুলো প্রাণে বাঁচতে উঁচু জায়গা থেকে নদীতে লাফ দেওয়ার সময় একটির গায়ের ওপর অন্যটি পড়েছে।


রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক ডজনের বেশি লোক মৃত মহিষের মাংস কেটে পিকআপে তুলছে। দেশটিতে এর আগে ২০১৮ সালে সিংহের তাড়া খেয়ে পালানোর সময় ৪ শতাধিক মহিষের মৃত্যু হয়।


সূত্র: এএফপি


এসজেড