ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১৫

যারা শহর ছেড়ে যেতে পারেননি, তাদের অনেকে শহরের কেন্দ্রে আশ্রয় নেন আর সেখানেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
  • অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
গাজায় নিহত আরও ১৫ নিহতদের জানাজা।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার কমপক্ষে ১৫ ফিলিস্তিনি নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। বাড়িঘর ও তাঁবুসহ গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। গাজার একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।


গাজা সিটিতে বড় আকারে বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় লাখ লাখ গাজাবাসী অঞ্চলটির বৃহত্তম নগর কেন্দ্র থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


মাহমুদ বাসাল বলেন, যারা শহর ছেড়ে যেতে পারেননি, তাদের অনেকে শহরের কেন্দ্রে আশ্রয় নেন আর সেখানেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।


তিনি এএফপি’কে আরো বলেন, ‘গাজা পৌরসভার একটি গুদাম ও নৈশ বাজারে বাস্তুচ্যুতদের তাঁবুতে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।’


বাসাল বলেন, শহরের অন্য এলাকায় ইসরায়েলি বোমা হামলায় আরও তিন জন নিহত হয়েছেন।  আল-সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে দুই জন ও আল-ইয়ারমুক মার্কেট এলাকায় একজন নিহত হয়েছেন।


গাজার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় চার জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। বাসাল বলেন, নুসাইরাতের উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।


হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই বছরের সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৫ হাজার ৩শ’ ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে মনে করে।


সূত্র: এএফপি


এসজেড