ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্লোভেনিয়া।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ স্লোভেনিয়া। এরআগে গত জুলাইয়ে উগ্র অতি-ডানপন্থী দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নিল দেশটি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।


জুলাইয়ে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির চরমপন্থি সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন এমন অভিযোগে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় স্লোভেনিয়া।


ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। চলতি বছরের আগস্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দেশটি। সঙ্গে ফিলিস্তিনিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করে স্লোভেনিয়া।


এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু আর যেতে পারছেন না। এরমধ্যে বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন নেতানিয়াহু। তবে আইসিসির সদস্য দেশ ফ্রান্সের আকাশসীমা দিয়ে না গিয়ে ঘুরে গেছে তার বিমান। 


সূত্র: রয়টার্স


এমএইচআর