ঢাকা | বঙ্গাব্দ

মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে কমেডি উৎসব

যুবরাজ সালমানের ‘ভিশন-২০৩০’ অংশ হিসেবে বিনিয়োগকারী এবং পর্যটকদের আকর্ষণে এই কমেডি শোর আয়োজন করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে কমেডি উৎসব রিয়াদ কমেডি উৎসব।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কমেডি উৎসব, যা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত টানা ১৩দিন চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। তবে সৌদি সকারের আয়োজিত এ কমেডি উৎসব নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।


মঙ্গলবার এক বিবৃতি এইচআরডব্লিউ বলেছে, সৌদি সরকার তাদের করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মানুষের ‘নজর সরাতে’ এমন আয়োজন করছে বলে ধারণা তাদের। সংস্থটি বলছে, উৎসবটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুর সাত বছর পূর্ণ হবে এবং জনসম্মুখে সরকারের বিরুদ্ধে বক্তৃতার জন্য আরেক সাংবাদিককে মৃত্যুদণ্ড কার্যকর করা সমালোচনা হচ্ছে। 


হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেছেন, ‘জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের সপ্তম বার্ষিকী কোনও হাসির বিষয় নয়, সৌদির কাছ থেকে যেসব কমেডিয়ান বড় অংকের অর্থ পাচ্ছে তাদের চুপ থাকা উচিত হবে না। তারা সৌদিতে কমেডি শো করার সুযোগে সৌদিতে অন্যায়ভাবে আটক ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের মুক্তি দেওয়ার জন্য জনসমক্ষে আহ্বান জানাতে পারে। এছাড়া বক্তব্য দেওয়ার কারণে যেসব মানুষকে সৌদি সরকার ফাঁসিতে ঝুলিয়েছে তাদের ব্যাপারে কথা বলতে পারে তারা।’


তিনি আরও বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বিশেষ করে কৌতুক অভিনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে- তারা সৌদি মানবাধিকার রক্ষাকারী ওয়ালিদ আবু আল-খায়েরের মুক্তির জন্য প্রকাশ্যে আহ্বান জানাতে, যিনি তার মানবাধিকার আন্দোলনের কারণে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাদের উচিত অনলাইনে নারী অধিকার প্রচারের জন্য ১১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নারী ফিটনেস প্রশিক্ষক এবং নারী অধিকারকর্মী মানাহেল আল-ওতাইবির মুক্তির দাবিও তোলা। তাদের উচিত ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় জবাবদিহিতার অভাবের বিষয়টিও উত্থাপন করা। 


হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ বিষয়ে আলোচনার জন্য ১৯ সেপ্টম্বর কয়েকজন কৌতুক অভিনেতার ‘প্রতিনিধি ও ব্যবস্থাপকদের’ সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কারও কাছ থেকে কোনো জবাব পায়নি।


ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ অংশ হিসেবে বিদেশী বিনিয়োগকারী এবং পর্যটকদের আকর্ষণে আন্তর্জাতিক শিল্পী, সেলিব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে হাই-প্রোফাইল অনুষ্ঠানের আয়োজন এবং অর্থায়ন করেছে সৌদি সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই কমেডি শোর আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন আজিজ আনসারি, হ্যানিবল বুরেস, বিল বার, জিমি কার, ডেভ চ্যাপেল, পিট ডেভিডসন, মাজ জোব্রানি, স্যাম মরিল, মার্ক নরম্যান্ড, নিমেশ প্যাটেল এবং টম সেগুরাসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন কমেডিয়ান। 


সূত্র: এইচআরডব্লিউ


এসজেড