আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্তরে ছুটির মেয়াদ ভিন্ন হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে পাঠ কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পূজার ছুটি শুরুর কথা থাকলেও, আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবশেষ ক্লাস-পরীক্ষা হয়েছে। তবে ভিন্নতা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোয় ছুটির তারতম্য দেখা যাচ্ছে।
সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এগুলোতে পাঠ বন্ধ থাকবে টানা ১৬ দিন।
এদিকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো। শুক শনি মিলিয়ে ১১ দিন ছুটি পাচ্ছে তারা।
মাধ্যমিক স্তরে ১৪ দিনের ছুটি
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১৪ দিন পাঠদান বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭ অক্টোবর পর্যন্তই ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ৯ অক্টোবর পর্যন্ত যে ছুটির কথা বলা হয়েছে, তা কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য। এরপর ৮ অক্টোবর থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
অিন্যান্য প্রতিষ্ঠানে ছুটির তালিকা
* প্রাথমিক বিদ্যালয়ে ছুটি তুলনামূলক কম। মোট ৯ দিন। সাপ্তাহিক ছুটির হিসাবে তা ১১ দিন।
* মাদ্রাসাগুলোতে ছুটি নির্ধারণ করা হয়েছে ৬ দিন।
* কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলোতে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৫ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ধরে ৭ দিন।
* এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ১ থেকে ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছাড়া ৪ দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যোগ হলে মোট ৬ দিন ছুটি কাটাতে পারবে শিক্ষার্থীরা।
* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর ছুটি পাচ্ছেন। ৩ অক্টোবর শুক্রবার হওয়ায় তাদের জন্য ছুটি কার্যত এক দিন বেশি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দীর্ঘ এই বিরতির পর শিক্ষার্থীরা আবারও পাঠ্যক্রমে ফিরবে।
thebgbd.com/NA