ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে উয়েফা

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাশিয়ার মতো ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে উয়েফা ফাইল ছবি

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার বিষয়ে ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য এই সিদ্ধান্তে সমর্থন দিতে পারেন বলে সূত্র বরাত জানিয়েছে সাউথ চায়না মনিং পোস্ট।


এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না, যার মধ্যে আগামী বছরের বিশ্বকাপও রয়েছে। ইসরায়েলের পুরুষ দল আগামী দুই সপ্তাহের মধ্যে নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার কথা রয়েছে।


এদিকে, ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে কী অবস্থান নেবে তা এখনও স্পষ্ট নয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা ইসরায়েলের দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কাজ করবে।


সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাশিয়ার মতো ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। একইভাবে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সাতজন স্বাধীন বিশেষজ্ঞ ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বরখাস্ত করতে।


গত মাসে উয়েফা সভাপতি আলেকসান্দ্রা ইসরায়েল নিয়ে কঠোর মনোভাবের ইঙ্গিত দিয়েছিলেন, যখন সুপার কাপের ম্যাচের আগে মাঠে ‘শিশু হত্যা বন্ধ করুন, বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করুন’ লেখা ব্যানার প্রদর্শিত হয়।


এদিকে, নরওয়ে ও ইতালির ফুটবল ফেডারেশন ইসরায়েলের বিরুদ্ধে খেলার বিষয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। নরওয়ে তাদের আগামী ম্যাচের টিকিট বিক্রির আয় গাজার মানবিক সহায়তার জন্য ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ সংস্থাকে দেওয়ার ঘোষণা দিয়েছে।


উয়েফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইতালির গাব্রিয়েল গ্রাভিনা, নরওয়ের লিসে ক্লাভেনেস এবং ইসরায়েলি ফুটবল ফেডারেশনের সভাপতি মোশে জুয়ারেস। এছাড়া কাতার সরকারের প্রতিনিধি এবং পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফিও রয়েছেন কমিটিতে।


সম্প্রতি মাক্কাবি তেল আভিভ ও গ্রিসের ক্লাব পিএওকের মধ্যে ইউরোপা লিগ ম্যাচে গাজার সমর্থনে বিক্ষোভ হয়েছে, এবং ‘গণহত্যা বন্ধ কর’ ব্যানার প্রদর্শিত হয়েছে।


thebgbd.com/NIT