ভারত-পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা বা নাটকীয়তা। এই দুই ক্রিকেট পরাশক্তির মুখোমুখি লড়াই মানেই এক উৎসবমুখর পরিবেশ, যা দুই দেশের ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা সৃষ্টি করে। সাম্প্রতিক বছরগুলোতে এই উত্তেজনা আরও বেড়েছে—এর একটি বড় কারণ হচ্ছে, তারা এখন খুব কমই একে অপরের বিপক্ষে খেলে।
দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না বললেই চলে। ফলে ভারত ও পাকিস্তান এখন কেবল আইসিসি টুর্নামেন্টগুলোতে এবং সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে ‘হাইব্রিড হোস্টিং’ ব্যবস্থার অধীনে একে অপরের মুখোমুখি হয়।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত শেষ এশিয়া কাপে ভক্তরা এক বিশেষ অভিজ্ঞতা পেয়েছিল, কারণ ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। তিনবারই ভারত জয়ী হয়, যার মধ্যে ছিল ফাইনাল ম্যাচটিও, যেখানে ভারত শিরোপা জিতে তাদের এশিয়া কাপের মুকুট ধরে রাখে। তবে, এই টুর্নামেন্টও ছিল বিতর্কময়। ভারতীয় দল মোহসিন নাকভি (বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট) থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে ট্রফি ছাড়াই উদযাপন করে।
মাঠের বাইরের নাটক
এই সব মাঠের বাইরের নাটক সত্ত্বেও, ভক্তরা ইতিমধ্যে আগামী ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে সুখবর হলো, এই অপেক্ষা হয়তো খুব বেশি লম্বা হবে না।
ভারত ও পাকিস্তান আবার মুখোমুখি হবে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, যা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। ২০২৪ সালের মতোই ২০ দলের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সম্ভবত একই গ্রুপে থাকবে। ফলে মধ্য ফেব্রুয়ারির আশেপাশে গ্রুপ পর্বেই আবার মুখোমুখি হবে এই দুই দল।
এই পর্যন্ত ১৫টি দল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ইতালি এবার প্রথমবার বিশ্বকাপে খেলবে। বাকি ৫টি দল বাছাই করা হবে আঞ্চলিক কোয়ালিফায়ারের মাধ্যমে। এর মধ্যে আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি।
ফরম্যাট: চারটি গ্রুপ
২০২৬ সালের টুর্নামেন্টের ফরম্যাট হবে ২০২৪ সালের মতোই। ২০টি দলকে ৫টি করে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২টি দল যাবে সুপার এইট পর্বে। সেখান থেকে সেরা চারটি দল যাবে সেমিফাইনালে। ভারত বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ২০২৪ সালের ফাইনালে বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ২টি ভেন্যুতে। ফাইনাল হবে সম্ভবত আহমেদাবাদ অথবা কলম্বোতে, কারণ দুই দেশই একে অপরের মাটিতে খেলতে রাজি নয়—সেই অনুযায়ী চূড়ান্ত ভেন্যু নির্ধারণ হবে।
thebgbd.com/NIT