বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের সবাই জেলা ও বিভাগীয় প্রতিনিধি। এই তালিকায় সবচেয়ে চমক হিসেবে উঠে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি এবারই প্রথম ক্রিকেট প্রশাসনে যুক্ত হচ্ছেন।
চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।
এছাড়া, খুলনা বিভাগ থেকে আগে থেকেই নিশ্চিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস।
সব মিলিয়ে ২৩ পরিচালক পদে ভোটের আগে এই ছয়জনের নির্বাচন নিশ্চিত হওয়ায় বোর্ডের নতুন কমিটির গঠন অনেকটাই সহজ হয়ে উঠেছে।
বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রার্থী ছিলেন। তবে শেষ দিনে ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫ ক্লাব কাউন্সিলরের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে। ফলে মোট প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৩ এ।
ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ও বিভাগ থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক সরে দাঁড়িয়েছেন। তারা সবাই তামিম ইকবাল ও বিএনপি সমর্থিত ছিলেন।
সবচেয়ে বেশি প্রার্থীতা প্রত্যাহার হয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে, একযোগে ১২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগের দুটি ক্লাব মোহামেডান ও শাইনপুকুর কাউন্সিলরও রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায় ইফতেখার রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এখন ক্লাব ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ১৬ প্রার্থী, যেখানে নির্বাচিত হবেন ১২ জন। এর মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের প্রার্থী রয়েছেন পাঁচজন। তবে তামিমপন্থী কাউন্সিলররা ভোট বর্জন করার আভাস দিয়েছেন।
thebgbd.com/NA