ঢাকা | বঙ্গাব্দ

শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বাধা নেই: এনসিপি

  • নিজস্ব প্রতিবেদক | ০২ অক্টোবর, ২০২৫
শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বাধা নেই: এনসিপি ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, দলটির শাপলা প্রতীক পাওয়ার পথে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, শাপলা প্রতীক যদি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়, তবে তিনি মামলা করবেন না।

আজ দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মান্না লেখেন, শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।

পরে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, অবশেষ এনসিপি'র শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোন বাঁধা-ই অবশিষ্ট রইলো না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাঁধা দেখালো তখন এনসিপি'র লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি'র শাপলা প্রতীক পেতে কোন আইনি বাঁধা নেই। তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাঁধা রয়েছে। এনসিপি বললো কী সেটা? তারা জবাবে বললো শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে।

কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোন মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাঁধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোন প্রতিবন্ধকতাই নেই।

আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।

এর আগে মাহমুদুর রহমান মান্নার দেওয়া ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।


thebgbd.com/NIT