ঢাকা | বঙ্গাব্দ

রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট

আবহাওয়া ঠান্ডা হতে থাকায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বৃদ্ধি করেছে রাশিয়া।
  • অনলাইন ডেস্ক | ০৫ অক্টোবর, ২০২৫
রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট অন্ধকারে ইউক্রেনের ঝাপোরিঝঝিয়া।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এবং পশ্চিমে লভিভে আজ রোববার রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে এসব অঞ্চলে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আবহাওয়া ঠান্ডা হতে থাকায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন গতরাতে, রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল লভিভ, জাপোরিঝঝিয়া, চেরনিহিভ, ভিনিতসিয়া, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, খেরসন, খারকিভ এবং ওডেসা অঞ্চলগুলো।


২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর পর থেকে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লভিভ। প্রধানমন্ত্রী ইউলিয়া জানান, লভিভে চারজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে। জাপোরিঝঝিয়ায় রুশ বাহিনী আবাসিক এলাকা লক্ষ্য করে ড্রোন এবং এরিয়াল বোমা হামলা করলে একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড