চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাদ্রাসার চারতলা ভবনের জানালার কার্নিশে আটকে পড়া ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে পৌরসভার টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এনায়েতুল্লাহ জানান, সকাল সাড়ে নয়টার দিকে আল ইহসান মাদ্রাসার চারতলার জানালার কার্নিশে এসি মেশিনের পাশ ঘেঁষে শিশুটিকে ঝুলতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাদ থেকে দড়ি ফেলে শিশুটিকে উদ্ধার করেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী থাকলেও ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিল। শিশুটি কীভাবে জানালার কার্নিশে গেল, তা কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, পালানোর চেষ্টা করছিল সে।
শিশুটির মা জানান, তাদের বাড়ি কচুয়া উপজেলায়। দুদিন আগে ছেলেকে হেফজ বিভাগে ভর্তি করিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় ছুটে যান তিনি। সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন জানান, খবর পাওয়ার পর দ্রুত গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিক্ষার্থীটি পাঁচতলার ছাদ থেকে দড়ি বেয়ে পালানোর চেষ্টা করে এবং চারতলার জানালার কার্নিশে আটকে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে।
thebgbd.com/NA