গাজায় মানবিক সাহায্য বহনকারী ফ্লোটিলায় হামলার পর ইসরায়েল কর্তৃক আটক ২৭ জন গ্রিক নাগরিক আজ সোমবার দেশে ফিরবে বলে জানা গেছে। গতকাল রোববার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গ্রিক নাগরিকদের আটকের প্রতিবাদে দেশটির রাজধানীতে পৃথক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিক দূতাবাসের একটি প্রতিনিধিদল গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী আটক ২৭ জনের সঙ্গে দেখা করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা সকলেই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সকল সহায়তা পাচ্ছেন। ইলাত-রামন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে সোমবার গ্রিক নাগরিকদের নিরাপদে এথেন্সে ফিরিয়ে আনা হবে।’
এদিকে ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলার স্মরণে রোববার এথেন্সে ইসরায়েলি দূতাবাসের বাইরে বেশ কিছু মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে। ৪৮ বছর বয়সী বেসরকারি খাতের কর্মী তাতিয়ানা পাপাডোপোলু বলেন, ‘আজ আমরা নোভা উৎসবে নিহতদের স্মরণ করছি এবং যাদের মধ্যে আমার অনেক বন্ধু ছিল এবং যারা বন্দি ছিল, আমরা তাদের সম্মান জানাব। আমরা আশা করি নতুন (শান্তি) পরিকল্পনার অধীনে বন্দিরা দেশে ফিরবেন।’
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ ফিলিস্তিনপন্থী কয়েকশ বিক্ষোভকারীকে নিরাপদ দূরত্বে রাখে।
অপরদিকে এথেন্সের কেন্দ্রস্থল সিনটাগমা স্কোয়ারে ফিলিস্তিনিদের পক্ষে একটি পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয়। ২৮ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার খ্রিস্টোস পাপাকনস্টানটিনু বলেন, ‘আমরা গ্রিসে এবং বিশ্বের অন্যান্য স্থানে যতটুকু সম্ভব চেষ্টা করবো এই গণহত্যা থামানোর জন্য।’
ডাচ রিয়েল এস্টেট রিনোভেটর গিজি গমাস, যিনি গ্রিসে বসবাস করছেন তিনি বলেন, ‘এটা যত দ্রুত সম্ভব থামাতে হবে।’ এখন ধীরে ধীরে কিছু সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু সেটা খুবই ধীরগতিতে।’
গ্লোবাল সুমুদ ফ্লোটিলাটি গত মাসে যাত্রা শুরু করে। ওই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ রাজনীতিবিদ এবং কর্মী গাজা অভিমুখে যাচ্ছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিয়েছে।
বুধবার থেকে ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় মানবিক সাহায্য বহনকারী বহর (ফ্লোটিলা)গুলো আটকাতে শুরু করে এবং পরের দিন একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, ৪০০ জনেরও বেশি মানুষ বহনকারী নৌকাগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড