ঢাকা | বঙ্গাব্দ

চুক্তির ১ম পর্যায়ে সম্মত ইসরায়েল-হামাস

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও সাহায্য প্রবেশের দিকে মনোযোগ দেয়া হবে।
  • অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২৫
চুক্তির ১ম পর্যায়ে সম্মত ইসরায়েল-হামাস বিধ্বস্ত গাজা।

হাজার হাজার মানুষকে হত্যা, ফিলিস্তিনি ভূখণ্ড ধ্বংস এবং একটি বড় মানবিক সংকট সৃষ্টিকারী যুদ্ধের অবসান ঘটাতে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তিতে জিম্মি ও বন্দি মুক্তির পাশাপাশি দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধিও অন্তর্ভুক্ত রয়েছে। কায়রো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরে তার ২০-দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর পর বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সমস্ত জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল চুক্তি মাফিক সেদেশে সেনাদের প্রত্যাহার করবে।


কাতার বলেছে, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও সাহায্য প্রবেশের দিকে মনোযোগ দেয়া হবে।’ গোষ্ঠীর একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানায়, হামাস চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর পরিবর্তে ২০ জন জীবিত জিম্মিকে বিনিময় করবে।


আলোচনার সঙ্গে পরিচিত সূত্রটি জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘন্টার মধ্যে এই বিনিময় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫০ জন ও গ্রেপ্তারকৃত ১ হাজার ৭০০ জন ফিলিস্তিনির বিনিময়ে জিম্মিকে মুক্তি দেওয়া হবে।


সূত্র: এএফপি


এসজেড