ঢাকা | বঙ্গাব্দ

নিজ এলাকায় জোনায়েদ সাকিকে 'অবাঞ্ছিত' ঘোষণা

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে জোটের নেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে—এমন খবরে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর জেরে ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর, ২০২৫
নিজ এলাকায় জোনায়েদ সাকিকে 'অবাঞ্ছিত' ঘোষণা ছবি : সংগৃহীত।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে জোটের নেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে—এমন খবরে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর জেরে ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালে ‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’ ব্যানারে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তারা আনুষ্ঠানিকভাবে জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য দেন সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন এবং মোসাম্মদ নয়নতারা।

সমাবেশে বক্তব্য প্রদানকালে নেত্রী সানজিদা আক্তার ফারজানা বলেন, “আমরা ধানের শীষের প্রার্থীকেই বাঞ্ছারামপুরে চাই। আমরা জোনায়েদ সাকিকে চিনি না।” তিনি অভিযোগ করেন, সাকি ৫ আগস্টের পর বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছেন এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন।

এই বিএনপি আসন ছাড়ের সিদ্ধান্তে স্থানীয় কর্মীরা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা সমাবেশ থেকে বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীককে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থন জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

thebgbd.com/NA