বরগুনার তালতলী উপজেলায় ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার চাচা হাবিব খানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম নাহিল আক্তার। সে ওই গ্রামের দুলাল খানের মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দোকানে বিস্কুট আনতে যাচ্ছিল নাহিল। এ সময় হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন তার চাচা হাবিব খান। গুরুতর আহত অবস্থায় নাহিলকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় রাতেই অভিযুক্ত হাবিবকে আটক করা হয়। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ শাহজালাল জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। শিশুটির বাবা দুলাল খান বাদী হয়ে হাবিবের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ২০১৫ সালে দুলালের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে হত্যার অভিযোগে কারাদণ্ড হয়েছিল হাবিবের। শিশু আইনে সাজা ভোগ করে গত বছর মুক্তি পান তিনি। এবার দুলালের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের মেয়ে নাহিলকে হত্যার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
শিশুটির বাবা দুলাল খান বলেন, হাবিব আমার জীবনটাই শেষ করে দিয়েছে। ২০১৫ সালে সে আমার প্রথম স্ত্রীকে হত্যা করেছিল, এবার আমার মেয়েকেও মেরেছে। আমি ওর ফাঁসি চাই।
thebgbd.com/NA