ঢাকা | বঙ্গাব্দ

কাতারে পাক-আফগান আলোচনা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধান আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহা যাচ্ছেন।
  • অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর, ২০২৫
কাতারে পাক-আফগান আলোচনা পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার কাতারে কাবুলের সঙ্গে ইসলামাবাদের আলোচনার ঘোষণা দিয়েছে। পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা ও সীমান্তে দুই দিনের শান্তিপূর্ণ যুদ্ধবিরতি ভঙ্গের পর এ ঘোষণাটি এলো। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য আজ কাতারের রাজধানী দোহা যাচ্ছেন।


আফগান তালেবান সরকারের একজন কর্মকর্তাও আলোচনার বিষয়টি এএফপি’কে নিশ্চিত করেছেন। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।


৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চালুর ফলে প্রায় এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটে। সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়। তবে, গতকাল শুক্রবার গভীর রাতে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে।


তালেবানের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিন স্থানে বোমা হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড