ঢাকা | বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী–র‍্যাবের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০২৫
জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী–র‍্যাবের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪ ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।


বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. সোহেল (২৮) ও মো. আকাশ (২৫)। এর মধ্যে সোহেল স্থানীয়ভাবে ‘বুনিয়া সোহেল’ নামে পরিচিত।


মোহাম্মদপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সম্প্রতি জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি কুখ্যাত গ্যাং—চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষ হয়। গত ২১ অক্টোবর পিচ্চি রাজা গ্রুপের আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিপক্ষের হামলায় নিহত হন।


এই সংঘর্ষ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও র‍্যাব–২ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”


thebgbd.com/NIT