কিশোরগঞ্জের ভৈরবে জেলা ঘোষণার দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা থেকে চট্টগ্রামগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে এই অবরোধ চলে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুড়তে থাকে। এ ঘটনায় ট্রেনের কতজন যাত্রী আহত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দিয়েছিল একই আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকেরা।
আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের কথা জানান অবরোধকারীরা।
thebgbd.com/NA