রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া আবুল কালামের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগতমান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়েহাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে উল্লেখ করা হয়, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডগুলোর মান নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তা ঘাটতির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
একইসঙ্গে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে আরেকটি পৃথক রিট দায়ের করা হয়।
রাজধানীর ফার্মগেট এলাকায় ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত হন।
নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
thebgbd.com/NIT