ঢাকা | বঙ্গাব্দ

২ জিম্মির পরিচয় শনাক্ত

‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেনসিক মেডিসিন’ থেকে শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পর নিহতদের পরিবারকে অবহিত করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০২৫
২ জিম্মির পরিচয় শনাক্ত দুই জিম্মির কফিন।

হামাসের কাছে জিম্মি থাকা আমিরাম কুপার ও সাহার বারুচের দেহাবশেষ বৃহস্পতিবার শনাক্ত করেছে ইসরায়েল। হামাস গতকাল সকালে তাদের মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেনসিক মেডিসিন’ থেকে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের পরিবারকে অবহিত করা হয়েছে।


কিবুতজ বেইরি থেকে সাহার বারুচকে গাজায় নিয়ে যাওয়া হয় এবং দুই মাস পর সেনাবাহিনীর একটি ব্যর্থ উদ্ধার অভিযানের সময় তিনি নিহত হন। মারা যাওয়ার সময় তার বয়স ছিল ২৫ বছর। ৮৪ বছর বয়সি আমিরাম কুপারকে তার স্ত্রী নুরিত কুপারের সঙ্গে কিবুতজ নির ওজে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়। ২০২৪ সালের জুনে হামাসের হাতে বন্দি অবস্থায় তার মৃত্যু হয়।


যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস ২৮ নিহত জিম্মিকে হস্তান্তর করতে সম্মত হয়, তাদের মধ্যে এখন পর্যন্ত হামাস ১৭ জনের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে। প্রচারণা গোষ্ঠী হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে কুপার ও বারুচের পরিবারের প্রতি সমর্থন জানিয়েছে এবং বাকি মৃত জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড