ঢাকা | বঙ্গাব্দ

চীনে উৎপাদন কমছে টানা সাত মাস

তথ্য অনুযায়ী, অক্টোবরে উৎপাদন-বহির্ভূত পিএমআই ৫০.১ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরের ৫০ শতাংশের তুলনায় সামান্য বেশি।
  • অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০২৫
চীনে উৎপাদন কমছে টানা সাত মাস চীনের একটি কারখানা।

অক্টোবরে টানা সপ্তম মাসের মত চীনের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম কমেছে। শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের আগে বাণিজ্য অনিশ্চয়তা অর্থনৈতিক শক্তিধর দেশটির ওপর প্রভাব ফেলে। শুক্রবার চীনের সরকারি নথি থেকে এ তথ্য জানা যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দেশটির শিল্প ও উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ সূচক ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে সূচকটি ৪৯ শতাংশে নেমে এসেছে। যা আবারও উৎপাদন কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ব্লুমবার্গের জরিপে এই সূচকটির পূর্বাভাস ছিল ৪৯.৬ শতাংশ। তবে অক্টোবরের হার তার চেয়ে কম। এই রেকর্ড সেপ্টেম্বরের তুলনায় ০.৮ শতাংশ কম।


এনবিএস পরিসংখ্যানবিদ হুও লিহুই এক বিবৃতিতে বলেন, অক্টোবর মাসে মূলত ‘ আন্তর্জাতিক জটিল সমীকরণের কারণে’ উৎপাদন ধীরগতিতে হয়েছে। মাসের শুরুতে চীনের ‘গোল্ডেন উইক’ দিবসের ছুটির কারণেও কারখানা কার্যক্রম কিছুটা মন্থর হয়ে পড়ে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন স্থিতিশীল রয়েছে বলে দাবী করেন হুও লিহুই।


এপ্রিল মাসে পিএমআই সূচক ছিল ৪৯ শতাংশ, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে কম। আর তখন থেকেই উৎপাদন কমতে থাকে। কারণ কারখানাগুলো যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে সমস্যার মুখোমুখি হয়।


বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক শক্তিধর দেশের শীর্ষ নেতারা বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেন। ট্রাম্প ঘোষণা করেছেন চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক অর্ধেক করার। অন্যদিকে শি এক বছরের জন্য গুরুত্বপূর্ণ বিরল-খনিজের ওপর কিছু রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করতে সম্মত হয়েছেন। চীন আবারও মার্কিন সয়াবিন আমদানি শুরু করবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প।


সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবরে উৎপাদন-বহির্ভূত পিএমআই ৫০.১ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরের ৫০ শতাংশের তুলনায় সামান্য বেশি। অক্টোবরে এই হার ব্লুমবার্গের পূর্বাভাসের সঙ্গেও মিলে গেছে। উৎপাদন-বহির্ভূত বা নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই সূচকটি সেবা, নির্মাণসহ অন্যান্য খাতের কার্যক্রম পরিমাপে ব্যবহার করা হয়।


সূত্র: এএফপি


এসজেড