ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ এসব মিছিল টাকার বিনিময়ে করাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
তালেবুর বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদেই অর্থ লেনদেনের বিষয়টি জানা গেছে। এই ঝটিকা মিছিলে অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি- ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে। এর পেছনে অনেকেই অর্থায়ন করছে, প্রতিটি মিছিলে অংশগ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট অঙ্কের টাকাও দেওয়া হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নিজেদের অস্তিত্বের জানান দেওয়া এবং ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক সৃষ্টি করা।
এক প্রশ্নের জবাবে ডিএমপির এ কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেপ্তারের পর তাদের পূর্বাপর ইতিহাস যাচাই-বাছাই করে দেখছি। সেটি যাচাই-বাছাইয়ের পরই সংশ্লিষ্ট মামলায় তাদের চালান দেওয়া হচ্ছে।
thebgbd.com/NIT