ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চিত করেছেন যে, নির্বাচনের কারণে বই বিতরণে কোনো সমস্যা হবে না এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ নভেম্বর, ২০২৫
নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চিত করেছেন যে, নির্বাচনের কারণে বই বিতরণে কোনো সমস্যা হবে না এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, সেভাবেই কাজ চলছে এবং নির্বাচনের আগেই তাদের হাতে নতুন বই পৌঁছে যাবে।


রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


গণশিক্ষা উপদেষ্টা শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বলেন, "এখন উপজেলা ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে, এতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।"


তিনি মুখস্থ বিদ্যার কঠোর সমালোচনা করে বলেন, "মুখস্থ বিদ্যা কোনো বিদ্যা নয়। প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে নম্বর পাওয়া, সার্টিফিকেট পাওয়া প্রকৃত শিক্ষা নয়। শিশুদের মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসতে হবে।"


তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারছেন না।


সেমিনারে কৃতিশিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপদেষ্টা। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সব অধিদফতরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


thebgbd.com/NA