চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ২টায় অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। কিন্তু ম্যাচের আগেই ইনজুরিতে পড়েছেন দলের তরুণ আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।
সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় ভুগছেন ১৮ বছর বয়সী এই রাইট উইঙ্গার। ফলে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না দলটি। ক্লাবের পক্ষ থেকে মাস্তানতুয়ানোর ফেরার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কিছু জানানো হয়নি। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগে।
সবশেষ লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামেন মাস্তানতুয়ানো। পুরো ৯০ মিনিট খেলেছিলেন এবং সেই ম্যাচে ৪–০ গোলে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। কোনো ইনজুরির লক্ষণ তখন দেখা যায়নি তার খেলায়।
চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি ৯ ম্যাচে খেলেছেন মাস্তানতুয়ানো। এর মধ্যে ৭ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৬৮৯ মিনিট মাঠে থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।
thebgbd.com/NIT