ঢাকা | বঙ্গাব্দ

রংধনুর সাত রঙের মতো বিএনপির রাজনীতি: এ্যানি

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ নভেম্বর, ২০২৫
রংধনুর সাত রঙের মতো বিএনপির রাজনীতি: এ্যানি ফাইল ছবি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রংধনুর সাত রঙ্গের মতো বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি সহজ স্বাভাবিক রাজনীতি। সব ধর্মের মানুষের সম্মানের জায়গা রেখেছেন জিয়াউর রহমান। এটি তার রাজনৈতিক দর্শন। ওই দর্শন নিয়েই গ্রামেগঞ্জে আমরা কথা বলি। একটি ভূখণ্ডে ধর্মবর্ণ গোষ্ঠী নির্বিশেষে আমরা সবাই বসবাস করছি, সবাই আমরা বাংলাদেশি। এটি একটি রংধনু।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে রাস পূর্ণিমা উৎসব পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কর্তৃত্ববাদ, লুটপাট, অর্থ পাচার, অত্যাচার-নির্যাতন ও দখলদারিত্বের। তাই তারা পালিয়ে গেছে। বিএনপির রাজনীতিতে এসব নেই। এ কারণে বিএনপি গণমানুষের দল।

এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যানি আরও বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কেন তাকে বারবার জেলে নিয়ে রাখতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে? এমন জায়গায় তাকে নিয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে আজকে হাসপাতাল আর বাসায় আসা যাওয়া করতে হচ্ছে। তারপরও বেঁচে আছেন, সম্মান-শ্রদ্ধার জায়গায় আছেন। খালেদা জিয়া আমাদের মনোবল ও আমাদের সাহস। ওই প্রেরণা থেকে আজকে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য সুদৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্যে থাকলে কেউ কোনো সম্প্রদায়ের কাউকে আঘাত করার কোনো সুযোগ পাবে না।

thebgbd.com/NIT