ঢাকা | বঙ্গাব্দ

রোজা শুরুর আর কতদিন বাকি?

পবিত্র রমজান মাস সমাগত।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর, ২০২৫
রোজা শুরুর আর কতদিন বাকি? ছবি : সংগৃহীত।

পবিত্র রমজান মাস সমাগত। ইসলামিক ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, গতকাল শনিবার (৮ নভেম্বর) থেকে রমজান শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং এর একদিন পর ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে।


এই তথ্য জানিয়েছেন আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি গালফ নিউজকে বলেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই তা অস্ত যাবে। ফলে খালি চোখে দেখা না যাওয়ায় ১৮ ফেব্রুয়ারির বদলে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।


সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।


প্রথম দিকে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে, যা রমজানের শেষের দিকে বেড়ে ১৩ ঘণ্টা দীর্ঘ হতে পারে।


সংবাদমাধ্যম আল-আরাবিয়ার তথ্য অনুযায়ী, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে।


মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হওয়ায় বাংলাদেশে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন হওয়ার এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


thebgbd.com/NA