ঢাকা | বঙ্গাব্দ

ইসলামাবাদে হামলায় পাকিস্তানে সতর্কতা

এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। এর পরপরই পুরো পাকিস্তানে জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়।
  • অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর, ২০২৫
ইসলামাবাদে হামলায় পাকিস্তানে সতর্কতা পাকিস্তান।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।


ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। এর পরপরই পুরো পাকিস্তানে জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড  একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। পুরো জায়গাটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আইনজীবী ও সাধারণ মানুষ দৌড়াচ্ছিল। গেটের সামনে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।


নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, ১২ জনের মৃতদেহ এবং ২০ জন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আরেকজন আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। গেটের সামনে অন্তত পাঁচ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’


সূত্র: এএফপি


এসজেড