ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় দূতাবাস মামলায় রাশিয়ার হার

২০০৮ সালে সংসদীয় এলাকা থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত স্থানটি রাশিয়াকে ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া হয়।
  • অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়ায় দূতাবাস মামলায় রাশিয়ার হার অস্ট্রেলীয় পার্লামেন্ট ভবন।

রাশিয়ার সরকার বুধবার অস্ট্রেলিয়ার হাইকোর্টে দেশটির পার্লামেন্ট থেকে এক কিলোমিটারেরও কম দূরে একটি নতুন দূতাবাস নির্মাণের জন্য করা একটি আইনি আবেদনে হেরে গেছে। সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


সংসদীয় এলাকা থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত স্থানটি প্রায় দুই মিলিয়ন ডলার প্রদানের পর রাশিয়াকে ২০০৮ সালে ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু ২০২৩ সালে সংসদে দূতাবাস নির্মানের  এক প্রকল্প এগিয়ে যেতে বাধাগ্রস্ত করতে একটি আইন পাস হওয়ার পর ইজারা বাতিল করা হয়।


এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে আইনি বিরোধ চলতে থাকে, মস্কোর প্রতিনিধিত্বকারী আইনজীবীরা আইনটিকে অসাংবিধানিক বলে যুক্তি দেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সরকার ক্যানবেরার গুপ্তচর সংস্থা থেকে ‘সংসদ ভবনের এত কাছে নতুন রুশ উপস্থিতির ঝুঁকি’ সম্পর্কে ‘খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা’পেয়েছে।


বুধবার, হাইকোর্ট আইনটিকে বৈধ বলে বহাল রাখে। তবে এটিও জানায়, অস্ট্রেলীয় সরকারকে রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে।


সূত্র: এএফপি


এসজেড