গাজা যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ইসরায়েলি বন্দিদের ফেরত আনার পর তিনি এ ঘোষণা দিলেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডারমার কয়েক মাস গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেন। এর ফলে ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা পদত্যাগপত্রে ডারমার লেখেন, ‘৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী দুই বছরের যুদ্ধ পরিচালনার বিষয়টিকে কেন্দ্র করে এই সরকারকে সংজ্ঞায়িত করা হবে। দুই বছর পর আমরা ইরানের সন্ত্রাসী অক্ষকে ভয়াবহভাবে আঘাত করেছি এবং এখন নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ যুগের সূচনায় শক্ত অবস্থানে রয়েছি।’
তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরকে ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ‘ইহুদি জনগণের জন্য সবচেয়ে অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করেন। ডারমার বলেন, ‘আমার ভবিষ্যৎ কী, জানি না। তবে আমি এটুকু জানি, যা-ই করি না কেন, ইহুদি ভবিষ্যৎ সুরক্ষায় আমার ভূমিকা পালন করে যাব।’
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চলমান আলোচনায় প্রধান আলোচক হিসেবে থাকবেন কি না, এ বিষয়ে ডারমার তার পদত্যাগপত্রে কিছু উল্লেখ করেননি। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ইসরায়েল রাষ্ট্রকে ‘অসাধারণ সহায়তা’ করার জন্য ডারমারকে ধন্যবাদ জানান। নেতানিয়াহু লেখেন, ‘আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
সূত্র: এএফপি
এসজেড