ঢাকা | বঙ্গাব্দ

আরেক জিম্মির লাশ হস্তান্তর

ইসরায়েলি ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছে, লাশটি জিম্মি মেনি গোদারের বলে নিশ্চিত করে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২৫
আরেক জিম্মির লাশ হস্তান্তর রেড ক্রসের গাড়িতে জিম্মির মরদেহ।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক শেষ চার জিম্মির মধ্যে একজনের লাশ ইসরায়েলকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রেডক্রস লাশটি হস্তান্তর করে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানায়। আরও জানানো হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেট নিরাপত্তা বাহিনীর কাছে কফিনটি হস্তান্তর করা হয়েছে। গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


লাশটি ইসরাইলি জিম্মি মেনি গোদারের বলে নিশ্চিত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনী গোদারের পরিবারকে জানিয়েছে, তাদের প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে ও তার শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো জানায়, তারা ইসরায়েলের সঙ্গে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মরদেহগুলো হস্তান্তর করছে। হামাস জানিয়েছে, ভূখণ্ডের দক্ষিণে খান ইউনিসে এই লাশটি পাওয়া যায়।


ইসরায়েল হামাসের বিরুদ্ধে জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করার অভিযোগ তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলছে, প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে। কারণ দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসস্তূপের নীচে মরদেহ চাপা পড়ে রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড