জাতিসংঘ শান্তিরক্ষীরা শুক্রবার জানিয়েছেন, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইন-এর কাছে দেয়াল নির্মাণ করেছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এ ঘটনা ঘটল। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী-ইউনিফিল ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল’ পরিদর্শন করে। জরিপে নিশ্চিত করা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। ফলে লেবাননের জনগণের জন্য ৪ হাজার বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না।
নভেম্বর মাসে শান্তিরক্ষীরা ওই এলাকায় অতিরিক্ত টি-ওয়াল নির্মাণ লক্ষ্য করেছেন। জরিপে নিশ্চিত করা হয়েছে, ‘ইয়ারুনের দক্ষিণ-পূর্বে নির্মিত দেয়ালের একটি অংশও ব্লু লাইন অতিক্রম করেছে।’ শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড