ঢাকা | বঙ্গাব্দ

কমার পরদিনই দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০২৫
কমার পরদিনই দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।


বুধবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।


এর আগের দিন, মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছিল স্বর্ণের দাম। মাত্র এক দিনের ব্যবধানে এবার মূল্য প্রায় দ্বিগুণ বাড়ায় ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়।


বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের রেকর্ড বৃদ্ধি। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।


স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।


thebgbd.com/NIT