ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল

নারায়ণগঞ্জে ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জে ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জে ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 


শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয়। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।


স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে শহরের মিশনপাড়া এলাকায় সিগনেচার ভবনের নিচতলায় ২টি দেয়ালে ফাটল দেখা যায়। সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদ্রাসার ভবনের দেয়াল ধসে যায় এবং আশেপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।


সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডের দুইটি বাড়ি ও দুই নম্বর রোডের একটি বাড়ি একটির ওপর আরেকটি হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। ভূমিকম্পের সময় সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাঝিল বাংলা শাখার মিডিয়ামের ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন।


স্কুল কর্তৃপক্ষ জানায়, ভেনাস এডুকেশন সোসাইটির আয়োজনে বৃত্তি পরীক্ষা ছিল, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ প্রসঙ্গে একজন শিক্ষক বলেন, ‘আমরা জীবনের মায়া ত্যাগ করে প্রতিটি বাচ্চাকে নিরাপদে বের করে নিয়ে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।


শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা নাহিন মোজতবা সোহান জানান, ৯ তলার উপরে ফ্ল্যাটে ছিলাম। মনে হচ্ছিল এখনই ভবন ভেঙ্গে পড়বে। ভয়ে আমরা সবাই দ্রুত ছাদে উঠে পড়ি।


শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা সোলায়মান জানান, ভয়ে তারা ৫ তলা ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন। তার ৬০ বছর বয়সে এমন ভূমিকম্প কখনো অনুভূত হয়নি বলেও জানান তিনি।




thebgbd.com/NA