ঢাকা | বঙ্গাব্দ

মেট্রোরেল লাইনের উপর পড়ল ড্রোন

রাজধানীতে মেট্রোরেলের লাইনের উপর ড্রোন পড়ে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর, ২০২৫
মেট্রোরেল লাইনের উপর পড়ল ড্রোন ছবি : সংগৃহীত।

রাজধানীতে মেট্রোরেলের লাইনের উপর ড্রোন পড়ে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।


রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে বর্তমানে আবারও মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।



ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের উপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়। গত ৯ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই এক অফিস আদেশে ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।


ওইদিন ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।


thebgbd.com/NA