দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪। চলতি নভেম্বরে এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে, যা এই বছরে এক মাসে সর্বোচ্চ।
এদিকে ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা হলো ৯০ হাজার ২৬৪। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
নভেম্বরে এখন পর্যন্ত ২০ হাজার ৪০২ জন হাসপাতালে ভর্তি এবং ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ভর্তি ও ৮০ জনের মৃত্যু হয়েছিল।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৫৮৫ জন এবং ঢাকা মহানগরে ৮৭৩ জন।
চলতি বছরে দেশের ৬৪টি জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগরে ২৭ হাজার ১০১ জন এবং বরিশাল বিভাগে ২০ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছে। একক জেলা হিসেবে বরগুনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ (৯ হাজার ২১৫ জন)।
গত এক দিনে মৃত আটজনের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। তারা ময়মনসিংহ, ঢাকা মহানগর, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম পরিস্থিতি: গত বছরের আক্রান্ত ছাড়ালো
চট্টগ্রামেও ডেঙ্গুর দাপট অব্যাহত রয়েছে। বছর শেষ হওয়ার আগেই চলতি বছরে (জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত) মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪১ জন, যা গত বছরের (৪ হাজার ৩২৩ জন) সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছে। চলতি মাসের ২৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৮৩৬ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৫ জনের মৃত্যু হয়। চলতি বছরের এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে (যা ২০২৩ সালের তুলনায় কম)।
thebgbd.com/NIT