প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হারল লিভারপুল। উজ্জীবিত পারফরম্যান্সে লিভারপুলকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হারের তেতো স্বাদ পেল লিভারপুল।
ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। বক্সে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
১৬তম মিনিটে বক্সের ভেতর থেকে কোডি গাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই।
তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি।
এদিকে রাতের আরেক ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেছেন আলভারেজ ও হিমেনেজ। অপরদিকে ইন্টারের হয়ে গোল করেন জিলিয়ানস্কি।
thebgbd.com/NIT