যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। নিউইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছে, এই দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
এই ফোনালাপের খবর এমন সময় এসেছে যখন ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে ভেনিজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। ওয়াশিংটন বলছে, এর লক্ষ্য মাদক পাচার রোধ করা। কিন্তু কারাকাস জোর দিয়ে বলছে, সরকার পরিবর্তন করাই এর মূল লক্ষ্য।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প-মাদুরো ফোনালাপের খবর আসে একদিন পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন সড়ক পথে ভেনেজুয়েলার মাদক পাচার ঠেকানোর উদ্যোগ শিগগিরই শুরু হবে। এতে কারাকাসের সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে।
মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখন আর সমুদ্রপথে সরবরাহ করতে চাইছে না। আমরা শিগগিরই স্থলপথে তাদের থামাতে যাচ্ছি। স্থলপথ সহজ। খুব শিগগিরই তা শুরু হবে।’
সূত্র: এএফপি
এসজেড