ঢাকা | বঙ্গাব্দ

সেনেগালে গ্রেপ্তার এএফপি’র গাম্বিয়া সংবাদদাতার খুনি

দেইদা হায়দারাকে ২০০৪ সালের ১৬ ডিসেম্বরে রাজধানী বানজুলের উপকণ্ঠে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়।
  • অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২৫
সেনেগালে গ্রেপ্তার এএফপি’র গাম্বিয়া সংবাদদাতার খুনি সেনেগাল।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় এএফপি-র এক সংবাদদাতাকে হত্যা করা হয় ২০০৪ সালে। ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে অভিযুক্ত গাম্বিয়ার এক সাবেক ডেথ স্কোয়াড সদস্যকে শনিবার পার্শ্ববর্তী সেনেগাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাম্বিয়া সরকার এ কথা জানিয়েছে।


গাম্বিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান্না মানজাং কুখ্যাত ‘জাংলারস’ আধাসামরিক বাহিনীতে কাজ করতেন। তিনি যে ইউনিটটিতে ছিলেন, সেটিকে দেশটির সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া জাম্মেহ তার অদ্ভুত ও নৃশংস শাসনের বিরোধীদের দমন করতে ব্যবহার করতেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জাম্মেহর দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালীন সংঘটিত নির্যাতনের বিষয়ে শুনানিতে, মানজাংকে দীর্ঘদিনের এএফপি সাংবাদিক দেইদা হায়দারার খুনিদের একজন হিসেবে অভিযুক্ত করা হয়। দেইদা হায়দারাকে  ২০০৪ সালের ১৬ ডিসেম্বরে রাজধানী বানজুলের উপকণ্ঠে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়। 


গাম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সান্না মানজাংকে আজ ভোরে দক্ষিণ সেনেগালের ক্যাসাম্যান্স অঞ্চল  থেকে আটক গ্রেপ্তার করা হয়েছে। মানজাং সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহর প্রশাসনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। 


বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালের জানুয়ারিতে জাম্মেহকে নির্বাসনে বাধ্য করার পর থেকে পলাতক থাকা মানজাংকে এখন বিচারের মুখোমুখি করার জন্য গাম্বিয়ায় ফিরিয়ে আনা হবে। সরকার জানিয়েছে, তার এই গ্রেপ্তার সেনেগাল ও গাম্বিয়া কর্তৃপক্ষের মধ্যে একটি ফলপ্রুসু সহযোগিতা।


হত্যাকাণ্ডের সময় হাইদারার বয়স ছিল ষাটের কোঠায়। তিনি চার সন্তানের জনক ছিলেন এবং ১৯৭৪ সাল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে অনুবাদক ও পরে সাংবাদিক হিসেবে কাজ করেন। হাইদারা স্বাধীন সংবাদপত্র দ্য পয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি প্রায়শই সরকারের দুর্নীতি ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সমালোচনা করতেন।


সূত্র: এএফপি


 এসজেড