রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে রেববার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় আলোচকদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে কিয়েভ সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের আলোচনার আগে, টানা দুই রাত রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী ও অঞ্চলটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সরকারের জন্য অস্থিরতার মধ্যে এই মার্কিন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
একটি দুর্নীতির তদন্তের ফলে শুক্রবার তাকে তার চিফ অফ স্টাফ এবং শীর্ষ আলোচক আন্দ্রে ইয়েরমাককে বরখাস্ত করতে বাধ্য করা হয়। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রুস্তেম উমেরভের নেতৃত্বে ইউক্রেনের দলের আজ ফ্লোরিডায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তিন বছরেরও বেশি সময় চলমান সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন একটি পরিকল্পনা পেশ করেছে, যা মস্কো ও কিয়েভের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করতে চাইছে।
ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মতামত ছাড়াই খসড়া করা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ২৮-দফার প্রাথমিক প্রস্তাবে কিয়েভকে তার পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং কার্যত দোনেৎস্ক, ক্রিমিয়া ও লুহানস্ক অঞ্চলগুলোকে রুশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো বিষয় রাখা হয়। ইউক্রেন ও ইউরোপের সমালোচনার পর, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শান্তি পরিকল্পনার খসড়া প্রত্যাহার করে নিয়েছে। তবে এই সংশোধিত নতুন খসড়াটিও এখনও স্পষ্ট নয়।
সূত্র: এএফপি
এসজেড