ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ফিউচার ও পণ্যবাজার বিশেষজ্ঞ জাফের এরগেজেন আনাদোলুকে বলেন, স্বর্নের কিছুদিন স্থিতিশীল অবস্থায় থাকার পর আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ডিসেম্বর, ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফাইল ছবি

ফেডের সুদ কাটার সম্ভাবনা বৃদ্ধি, ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা— এসবের প্রভাবে টানা চার মাস ধরে বেড়েই চলেছে স্বর্ণের দাম।


বছরের শুরুতে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬২৩ ডলার। ২০২৫ জুড়ে দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা, ফেডের আরও সুদ কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের বাজারে শক্তিশালী সহায়তা দিয়েছে।


জানুয়ারিতে ৬ দশমিক ৬৭ শতাংশ, ফেব্রুয়ারিতে ২ দশমিক ১৭ শতাংশ, মার্চে ৯ দশমিক ২৬ শতাংশ এবং এপ্রিলে ৫ দশমিক ২৬ শতাংশ স্বর্ণের দাম বেড়েছে।


মে, জুন ও জুলাই মাসে দাম স্থিতিশীল থাকলেও আগস্টে ৪ দশমিক ৮ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৯ শতাংশ, অক্টোবরে ৩ দশমিক ৭ শতাংশ এবং নভেম্বরে ৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


এ বছর প্রতি আউন্স স্বর্ণ ছুঁয়েছে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৬ ডলার, এবং বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা পেয়েছেন সর্বোচ্চ ৬০ শতাংশ মুনাফা।


ফিউচার ও পণ্যবাজার বিশেষজ্ঞ জাফের এরগেজেন আনাদোলুকে বলেন, স্বর্নের কিছুদিন স্থিতিশীল অবস্থায় থাকার পর আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে।


তিনি বলেন, ‘স্বর্নের দাম বৃদ্ধির প্রধান কারণ হলো ফেডের সুদ কমানোর সম্ভাবনা বৃদ্ধি পাওয়া। ফেড প্রধানের বক্তব্য ডলার সূচককে দুর্বল করেছে এবং স্বর্ণসহ মূল্যবান ধাতুকে শক্তিশালী করেছে।’


এরগেজেন আরও জানান, স্বর্ণ যদি ৪ হাজার ডলারের উপরে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে এর আগের রেকর্ড আবার পরীক্ষা করা সম্ভব। তবে এই ধারা কিছুটা ধীরগতি হতে পারে।



তিনি আরও বলেন, অক্টোবরে বন্ধ হওয়া স্বর্ণের পজিশনগুলো যদি আবার খোলা হয়, তাহলে সামনে আরও নতুন রেকর্ড দেখা যেতে পারে।


thebgbd.com/NIT