মো. তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে ‘জনতার দল’ নামে আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। পুনঃতদন্ত শেষে এই দুই দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীতিগত সম্মতি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনরায় যাচাই–বাছাই করে দেখা গেছে— দুটি দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে এবং স্থায়ী কার্যালয়ের অস্তিত্বও নিশ্চিত হয়েছে। নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, “দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।”
ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য-সচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন। টানা অনশন চলার পর ইসির ইতিবাচক সিদ্ধান্তে দলটি নিবন্ধনের আলো দেখতে যাচ্ছে।
এ দিকে ইসির ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, প্রজাপতির সঙ্গে থাকুন।”
thebgbd.com/NA