ঢাকা | বঙ্গাব্দ

হিজাব পরার সুযোগ পাবে এয়ারএশিয়ার কেবিন ক্রুরা

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০২৫
হিজাব পরার সুযোগ পাবে এয়ারএশিয়ার কেবিন ক্রুরা ফাইল ছবি

আগামী বছর থেকে হিজাব পরে দায়িত্ব পালনের সুযোগ পেতে যাচ্ছে এয়ারএশিয়ার মুসলিম নারী কেবিন ক্রুরা। প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তকে একটি প্রগতিশীল এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক ড. মোহদ নাইম মোকতার।


ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত এয়ারএশিয়ার মুসলিম কর্মীদের ধর্মীয় চাহিদার প্রতি সম্মান, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলকতার প্রতি কোম্পানিটির দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।


তিনি বলেন, ‘আমি এয়ার এশিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ইউনিফর্ম নীতি প্রণয়ন করায় আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এয়ারএশিয়ার ব্যবস্থাপনা যে পরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই এবং প্রশংসা করি। ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সেসব সম্মানিত আলেম-ওলেমা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে, যারা এয়ারএশিয়ার সঙ্গে ধারাবাহিক আলোচনা ও যোগাযোগ বজায় রেখে এই উদ্যোগ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’


মোহদ নাইম আরও বলেন, হিজাব পরিধানের বিকল্প ইউনিফর্ম চালুর ক্ষেত্রে এই উদ্যোগ একটি প্রশংসনীয় প্রচেষ্টা এবং তা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।


তিনি বলেন, ‘আমি আশা করি, এয়ারএশিয়ার এই সিদ্ধান্ত মালয়েশিয়ার অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যা কর্মীদের ধর্মীয় কর্তব্য পালনের স্বাধীনতা ও অধিকারকে সম্মান ও সমর্থন করার আহ্বান জানাবে। এটি ফেডারেল সংবিধানের মূল চেতনা এবং মাদানি মালয়েশিয়ার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’


গতকাল গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, এয়ার এশিয়া তাদের কেবিন ক্রুদের ইউনিফর্ম নীতিতে সংস্কার এনেছে, যার ফলে নারী ক্রুরা ডিউটির সময় হিজাব পরার বিকল্প পাবেন। এটি এয়ারএশিয়ার কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের কর্মীদের মতামতের প্রতিফলনে নেওয়া একটি পরিবর্তন।


(সূত্র: মালয়মেইল ডটকম)


thebgbd.com/NIT