ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ব্যক্তিকে হন্য হয়ে খুঁজছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, উক্ত ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে জানা গেলে দ্রুত ডিসি মতিঝিল (01320040080), ওসি পল্টন (01320040132) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশকে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
thebgbd.com/NIT