মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার সামরিক তৎপরতার ঝুঁকির কথা উল্লেখ করে ভেনিজুয়েলার আকাশসীমায় এবং এর আশেপাশে পরিচালিত বেসামরিক বিমানগুলোর জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভেনিজুয়েলার আশেপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির’ কারণে বিমানগুলোকে ‘সতর্কতা অবলম্বন’ করার আহ্বান জানিয়েছে। গত মাসে ওই এলাকায় একই সতর্কতা জারি করা হয়।
জেটব্লুর একজন পাইলট জানান, ভেনিজুয়েলার কাছে তার বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমানের সঙ্গে সংঘর্ষ ঘটার মত খুব কাছাকাছি চলে আসার কয়েকদিন পর নতুন এই সতর্কতা জারি করা হয়েছে। ওই বিমান সংস্থাটি জানিয়েছে তারা মার্কিন কর্তৃপক্ষকে এই ঘটনা অবহিত করেছে।
এই সতর্কতার ফলে ভেনিজুয়েলার বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। অনেক বিমান সংস্থা এবং এই অঞ্চলের বহু এয়ারলাইন সম্পূর্ণভাবে দেশটির আকাশসীমা এড়িয়ে চলছে। পানামার বিমান সংস্থা কোপা মঙ্গলবার ঘোষণা করেছে, তারা কারাকাসে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৫ জানুয়ারী পর্যন্ত বাড়িয়েছে।
সূত্র: এএফপি
এসজেড