ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছরের রেকর্ড

ঘন ঘন উচ্চচাপ বলয়ের প্রভাবের কারণে মেঘের পরিমাণ কমে যায় এবং দেশের অনেক অংশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫
যুক্তরাজ্যে সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছরের রেকর্ড যুক্তরাজ্য।

স্যাঁতস্যাঁতে ও মেঘলা আবহাওয়ার জন্য পরিচিত যুক্তরাজ্য ২০২৫ সালে ইতিহাসের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছর উপভোগ করেছে। বুধবার দেশটির আবহাওয়া দপ্তর এ কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের তথ্যমতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে গড়ে ১ হাজার ৬২২ ঘণ্টা সূর্যের আলো রেকর্ড করা হয়েছে, যা ইতোপূর্বে ২০০৩ সালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। সংস্থাটি জানায়, বসন্তকালে ‘ব্যতিক্রমধর্মী’ পরিমাণ রোদ ও গ্রীষ্মজুড়ে দীর্ঘ সময় ধরে পরিষ্কার আকাশ এই রেকর্ড গড়তে সহায়তা করেছে।


আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘন ঘন উচ্চচাপ বলয়ের প্রভাবের কারণে মেঘের পরিমাণ কমে যায় এবং দেশের অনেক অংশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়। দীর্ঘ সময় পরিষ্কার আকাশ থাকার ফলে, ২০২৫ সালকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়েছে।


আবহাওয়া অফিস সেপ্টেম্বর মাসে জানায়, গ্রীষ্মকালীন মাসগুলোতে গড় তাপমাত্রা ছিল ১৬.১০ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৮ সালের আগের রেকর্ড ১৫.৭৬ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, মানবসৃষ্ট দূষণের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আরও ঘন ঘন ও তীব্র আবহাওয়াজনিত পরিবর্তন ঘটছে।


তবে বুধবারের বিবৃতিতে আবহাওয়া অফিস জানায়, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আকাশে সূর্যের অবস্থানের পরিমাণে কোনো নির্দিষ্ট প্রবণতার সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।’


সংস্থাটি আরও উল্লেখ করে, ১৯৮০-এর দশক থেকে যুক্তরাজ্যে সামগ্রিকভাবে সূর্য দেখা দেওয়ার পরিমাণ বেড়েছে। যদিও এই প্রবণতার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায়, ‘এটি প্রাকৃতিক পরিবর্তনের ফলেও হতে পারে, তবে বায়ুমণ্ডলে অ্যারোসল কমে যাওয়াও একটি কারণ হতে পারে।’


সূত্র: এএফপি


এসজেড