ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনে প্রার্থী ভিপি নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০২৫
বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনে প্রার্থী ভিপি নুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিএনপি মোট সাতটি সংসদীয় আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে। এরই অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ভিপি নুরকে বিএনপির সমর্থনে প্রার্থী ঘোষণার মাধ্যমে পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ফলাফলের দিকে বিশেষ নজর থাকবে পুরো পটুয়াখালীবাসীর।

উল্লেখ্য, আসনটি থেকে ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

thebgbd.com/BYB