ডাকসুর গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিয়ের খবর জানান। তার স্বামী জিহাদ আবদুল্লাহ পেশায় একজন সাংবাদিক।
পোস্টে তন্বী লেখেন, কিছু কিছু বন্ধন এত সহজভাবে তৈরি হয় যে মনে হয় সবটাই যেন আগে থেকে ঠিক করা ছিল। আমাদের প্রথম আড্ডাটার কথা আজও পরিষ্কার মনে পড়ে—বন্ধুদের বোকা বানানোর জন্য সেই অদ্ভুত মজা নিয়ে আমাদের হাসাহাসি, মুহূর্তটার হঠাৎ ওলটপালট হয়ে যাওয়া, একদম ছোট ছোট জিনিসে আমাদের দুজনের একইরকম আনন্দ খুঁজে পাওয়া, আর আমার ভেতরকার ছটফটে রোমাঞ্চপ্রিয় সত্তাটাকে তোমার অবলীলায় আপন করে নেওয়া। সেই সাধারণ মুহূর্তগুলোতেই কখন যে মনের অজান্তে এমন সব স্মৃতি জমিয়ে ফেলেছিলাম, যা আমি বারবার ফিরে দেখতে চাইব।
বরের উদ্দেশে তন্বী লেখেন, ঠিক কোন মুহূর্তে আমি তোমার প্রেমে পড়েছিলাম, সেটা আমার মনে নেই।
thebgbd.com/NA