ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও একটি প্রশিক্ষণ কমপ্লেক্সসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহৃত বেশ কিছু অস্ত্রভাণ্ডার ও সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৪০ জনের বেশি নিহত হয়েছে। শুক্রবারের হামলার এক দিন আগেও সিরিয়া সীমান্তের কাছে ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়।
বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, লেবাননে এক হামলায় তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের অভিজাত কুদস ফোর্সের এক সদস্যকে হত্যা করেছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং সতর্ক করেছে, ইসরায়েল রাষ্ট্রের জন্য সৃষ্ট যেকোনো হুমকি তারা নিশ্চিহ্ন করে দেবে।
যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও ইসরায়েলি হামলা বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে লেবানন সরকার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল থেকে শুরু করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে বলেও অভিযোগ করেছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
সূত্র: এএফপি
এসজেড