সামরিক আইন জারির চেষ্টা সংক্রান্ত মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে দেশটির প্রসিকিউশন। শুক্রবার আদালতে জমা দেওয়া আবেদনে প্রসিকিউটররা বলেন, বিচারকাজে বাধা সৃষ্টি করাসহ একাধিক অভিযোগে ইউন সুক ইওলের এই শাস্তি হওয়া উচিত। সিউল থেকে এএফপি এ খবর জানিয়েছে।
২০২৪ সালের ৩ ডিসেম্বর ইউন সুক ইওল সাময়িকভাবে বেসামরিক শাসন স্থগিত করে সামরিক আইন জারি করেন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সংসদে তীব্র রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। চলতি বছর এপ্রিল মাসে সাংবিধানিক আদালতের রায়ে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন। এরপর থেকেই সামরিক আইন জারির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে তাকে একাধিক মামলার মুখোমুখি হতে হচ্ছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সামরিক আইন জারি সংক্রান্ত বৈঠক থেকে কয়েকজন মন্ত্রীসভার সদস্যকে বাদ দেন ইউন। পাশাপাশি গত জানুয়ারিতে তাকে আটক করতে তদন্তকারীদের বাধা দেন। ইয়োনহাপ বার্তা সংস্থার খবরে বলা হয়, সিউলের একটি আদালত আগামী মাসে এ মামলার রায় দিতে পারে।
যদিও ডিসেম্বরের শুরুতে ইউন সুক-ইওল দাবি করেন, ‘চীনপন্থী, উত্তর কোরিয়াপন্থী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ মোকাবিলার জন্যই তিনি সামরিক আইন জারির সিদ্ধান্ত নেন। এছাড়া আরও তিনটি মামলায় তার বিচার চলছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
সূত্র: এএফপি
এসজেড