ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউতে মূল জানাজা সম্পন্ন হওয়ার পরপরই বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০২৫
বগুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ছবি : সংগৃহীত।

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউতে মূল জানাজা সম্পন্ন হওয়ার পরপরই বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কোনো পূর্ব আনুষ্ঠানিক প্রচারণা ছাড়াই প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে বগুড়ার সর্বস্তরের মানুষ আলতাফুন্নেছা মাঠে ভিড় জমান। গগনবিদারী শ্লোগান আর কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অনেকেই। গায়েবানা জানাজায় ইমামতি করেন মাঠ সংলগ্ন বাইতুল হাফিজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল আজিজ। কয়েক হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ও প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বগুড়া শহর ছিল কার্যত অচল। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে বড়গোলা, নিউ মার্কেট ও রানার প্লাজা হকার্স মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে জনশূন্য চিত্র। ছোট-বড় দোকানপাট থেকে শুরু করে জেলা শহরের সমস্ত শপিং মল ও বিপণী বিতানগুলো ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বন্ধ রেখেছেন।

বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। প্রিয় নেত্রীকে হারানোর শোক এখন বগুড়ার প্রতিটি ঘরে ঘরে বিরাজমান।

thebgbd.com/NA